আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুমে ড্রেসিংরুমে ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নতুন এ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (২ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের লিগ শুরু হবে ৪ মে এবং শেষ হবে ১১ জুন।
সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল বলেন, নতুন নিয়ম অনুযায়ী খেলোয়াড়রা মাঠে প্রবেশের সময়ই তাদের মোবাইল ফোন জমা দিতে হবে এবং ড্রেসিংরুমে ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
তিনি আরও বলেন, লিগকে শৃঙ্খলাপূর্ণভাবে পরিচালনা করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি অংশগ্রহণকারী ক্লাবগুলোর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তামিম ইকবাল বলেন, দীর্ঘ বিরতির পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্ট ডিপিএলকে মাঠে ফিরিয়ে আনাই ছিল বড় চ্যালেঞ্জ। তবে সকলের সহযোগিতায় এবার প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশের ক্রিকেটারদের উন্নয়নের জন্য ডিপিএলকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসেবে উল্লেখ করে তিনি জানান, শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে প্রতিযোগিতার মান আরও উন্নত করা হবে।