সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’ বুধবার (৬ মে) কুতুবদিয়া অ্যাংকরে নোঙর ফেলবে। আনুষ্ঠানিকতা শেষে একইদিন বিকেল থেকেই ক্রুড লাইটারিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে ৭ মে (বৃহস্পতিবার) ইস্টার্ন রিফাইনারির বন্ধ থাকা প্ল্যান্ট পুনরায় চালু করা হবে।
ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটি বুধবার বেলা ১১টার দিকে কুতুবদিয়ায় পৌঁছাবে। আগে থেকেই লাইটারিংয়ের জন্য প্রয়োজনীয় জাহাজ প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা থেকে আরও এক লাখ টন ক্রুড আনার জন্য ‘এমটি ফসিল’ নামের আরেকটি জাহাজ প্রস্তুত রয়েছে, যা ১১ মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মালিকানাধীন দেশের একমাত্র পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এখানে ব্যবহৃত সব অপরিশোধিত জ্বালানি তেল আমদানি নির্ভর। সরকারি পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসব তেল আমদানি করা হয় এবং পরিবহন করে বাংলাদেশ শিপিং করপোরেশন।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড তেল পরিবহনে জটিলতা সৃষ্টি হওয়ায় গত ১২ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির মূল ইউনিট বন্ধ করে দিতে হয়। ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে বিকল্প রুট হিসেবে ফুজাইরা ও ইয়ানবু বন্দর ব্যবহার করা হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, ‘এমটি নিনেমিয়া’র আগমনের মাধ্যমে ক্রুড সংকট অনেকটাই কাটবে এবং ইস্টার্ন রিফাইনারি চালু হলে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে।