বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করলেন বাবর আলী। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাকালু জয় করেছেন। একই সঙ্গে তিনি আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বত জয় করার বিরল কীর্তিও গড়েছেন।
শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই দুর্গম শৃঙ্গের চূড়ায় পৌঁছান তিনি। নেপালের মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত মাকালু দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম কঠিন পর্বতারোহণ শৃঙ্গ হিসেবে পরিচিত।
‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানের আয়োজন করে চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স। সংগঠনটির সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার সূত্রে এ সাফল্য নিশ্চিত করেন।
গত ৭ এপ্রিল দেশ থেকে যাত্রা শুরু করেন বাবর আলী। ১৮ এপ্রিল তিনি বেসক্যাম্পে পৌঁছে ধাপে ধাপে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন। ৩০ এপ্রিল চূড়ান্ত অভিযানে নামার পর পরদিনই তিনি শিখরে পৌঁছাতে সক্ষম হন।
অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, শীর্ষ জয় শেষে বাবর আলী বর্তমানে নামার পথে রয়েছেন এবং আগামী ৩ মে বেসক্যাম্পে পৌঁছাতে পারেন বলে আশা করা হচ্ছে।
২০১৪ সালে পর্বতারোহণ শুরু করা বাবর আলী এর আগে এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ এবং মানাসলুসহ একাধিক উচ্চ শৃঙ্গ জয় করেছেন। তার এই সাফল্য বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে।