নতুন রাজনৈতিক উদ্যোগ হিসেবে অলটারনেটিভস নামে একটি প্ল্যাটফর্মের ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন মাহফুজ আলম এবং ডা. তাজনুভা জাবীন।
শুক্রবার (৬ মার্চ) আংশিকভাবে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিজেদের ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন মাহফুজ আলম ও তাজনুভা জাবীন।
ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন— আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।
অলটারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি। সংগঠনটির মতে, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ছাত্র-জনতার আশা ও স্বপ্ন অনেকাংশেই ম্লান হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে জুলাইয়ের ছাত্র-জনতার হারিয়ে যাওয়া স্বপ্ন পুনরুদ্ধার করাই কমিটির অন্যতম লক্ষ্য।
সংগঠনটি আরও জানিয়েছে, নতুন এই কমিটি দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে সংলাপ ও যোগাযোগের মাধ্যমে সংগঠন বিস্তারে কাজ করবে। ভবিষ্যতে দেশব্যাপী সংগঠনের কার্যক্রম পরিচালনায় এই কমিটিই মূল নেতৃত্বের দায়িত্ব পালন করবে।