টিভি নাটকের জনপ্রিয় মুখ ও অভিনেতা আফরান নিশো-এর আলোচিত সিনেমা সিরিজ সুড়ঙ্গ-এর দ্বিতীয় কিস্তি সুড়ঙ্গ ২ চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত প্রথম ‘সুড়ঙ্গ’ সিনেমাটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। সেই সঙ্গে নিশোর সিনেমায় অভিষেকও ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর থেকেই ছবিটির সিক্যুয়েল নিয়ে দর্শকমহলে আগ্রহ তৈরি হয়।
জানা গেছে, ‘সুড়ঙ্গ ২’-এর প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকি খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। বর্তমানে তারা অন্য একটি প্রকল্প দম নিয়ে ব্যস্ত থাকায় এরপরই ‘সুড়ঙ্গ ২’ নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে নিশো জানান, সিনেমাটির পরিকল্পনা থাকলেও শারীরিক সমস্যার কারণে কাজ কিছুটা পিছিয়েছে। তিনি জানান, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং স্পাইনের সমস্যাও রয়েছে, যার জন্য চিকিৎসা ও সার্জারির প্রয়োজন হতে পারে।
মজার ছলে তিনি আরও বলেন, “এটা আগে কখনো বলা হয়নি। প্রথমবার এখানে বললাম। জানলে অনেকে হয়তো কাজে নেবে না, বলবে তুমি তো খুড়া, পা ভাঙা।”
তবে শারীরিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ‘সুড়ঙ্গ ২’ নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। প্রথম কিস্তির সাফল্যের পর দ্বিতীয় পর্ব কতটা প্রভাব ফেলতে পারে, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।