দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা এবং করণীয় নিয়ে পর্যালোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, দীর্ঘদিন অবহেলিত ও বেহাল অবস্থায় থাকা সড়কগুলো দ্রুত সংস্কার ও মেরামতের আওতায় আনার ওপর জোর দেন তিনি। পিরোজপুরের মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।
বৈঠকে উপস্থিত কর্মকর্তারা পিরোজপুর জেলার এলজিইডি প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরেন। আলোচনায় কিছু প্রকল্পে অতীতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়টিও উঠে আসে।
এ সময় উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-১, ২ ও ৩ আসনের সংসদ সদস্যরা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।