জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের সময় শপথকক্ষ ত্যাগ করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ শুরু হলে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা কক্ষ ত্যাগ করেন। এর পরপরই ঢাকা–৬ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেনও সেখান থেকে বেরিয়ে যান।
পৌঁছাতে দেরি হওয়ায় ইশরাক হোসেন প্রথমে জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা।
এর আগে সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছিলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের সদস্যরা কোনো শপথ নেবেন না। পরে দলগত সিদ্ধান্তে জামায়াতের সংসদ সদস্যরা দুটি শপথই গ্রহণ করেন।