প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। তিনি সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনের সব কাজ যেন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়।
শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ‑চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–এ বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
প্রধানমন্ত্রী বলেন, আজকের এই মাহফিলে আল্লাহর নামে শপথ নেওয়া উচিত— আমাদের সব কাজ যেন মানুষের কল্যাণে হয়। তিনি আল্লাহর কাছে দোয়া চান, যেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করার তাওফিক সবাই পায়।
তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে এবং জনগণ আবারও বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ পেয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে এই সুযোগ এসেছে, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত।
ইফতার মাহফিলে মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাবেক উপদেষ্টা, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।