ড্রেসিংরুমে ধূমপানের ঘটনায় শাস্তির মুখে পড়েছেন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালস-এর এই অধিনায়ককে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালে ড্রেসিংরুমে ই-সিগারেট ব্যবহার করার অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। প্লেয়ার কোড অব কন্ডাক্টের ২.১ অনুচ্ছেদের অধীনে লেভেল-১ অপরাধ হিসেবে বিষয়টি বিবেচিত হয়েছে।
ঘটনাটি সামনে আসে ২৯ এপ্রিল, যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে ড্রেসিংরুমে সতীর্থদের পাশে বসে ই-সিগারেট ব্যবহার করতে দেখা যায় পরাগকে। ফুটেজে তার পাশে ছিলেন ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বিসিসিআই ২.২১ অনুচ্ছেদও প্রয়োগ করেছে, যা খেলোয়াড়দের এমন আচরণ নিষিদ্ধ করে যা খেলার সুনাম ক্ষুণ্ন করতে পারে।
বিসিসিআই ও দলীয় সূত্রে জানা গেছে, তাকে ইতোমধ্যে নোটিস দেওয়া হয়েছে এবং তিনি চাইলে আপিল করতে পারবেন। তবে সংশ্লিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, পরাগ ইতোমধ্যে তার শাস্তি মেনে নিয়েছেন।
উল্লেখ্য, নির্দিষ্ট জোন ছাড়া স্টেডিয়াম ও ড্রেসিংরুমে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে ভারতে ই-সিগারেট উৎপাদন, বিক্রি ও ব্যবহারও আইনত নিষিদ্ধ।