কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে বলেন, “মুরুব্বিরা শিক্ষা দেন—মিথ্যা বলা মহাপাপ। সুতরাং মিথ্যা বলবেন না। কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে তার বদনাম করা বড় পাপ। এই পাপ থেকে দয়া করে নিজে দূরে থাকুন এবং আমাদেরকেও দূরে রাখুন।”
শুক্রবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে রমনা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র রুহের মাগফিরাত কামনায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রমনা থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে মির্জা আব্বাস নির্বাচন প্রসঙ্গ তুলে বলেন, তার এলাকায় ভোট কারচুপি না হলে প্রতিপক্ষ এত ভোট পেত না। তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডে প্রতিপক্ষের এমন কোনো আত্মীয় নেই যে তাকে ভোট দিয়েছে—এমন প্রমাণও তারা দিতে পারবে না।
তিনি আরও বলেন, “আমি মির্জা আব্বাস নাম ধরে বলতে পারব কারা কারা আমাকে ভোট দিয়েছে। আমরা রাতের বেলায় কয়েকটি স্কুলে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করেছি। তা না হলে সব কেন্দ্র সিল মেরে নেওয়া হতো।”
তার অভিযোগ, অদ্ভুত কৌশলে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং সেই দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
মির্জা আব্বাস বলেন, তার এলাকায় হারার ইতিহাস নেই এবং অতীতে আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়নি—এ কথা সবাই জানে। তিনি আরও দাবি করেন, এলাকায় তার আত্মীয়-স্বজন ও সমর্থক অনেক থাকায় ভোটের কোনো ঘাটতি তার নেই।
সবশেষে তিনি প্রশ্ন তুলে বলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে আপনারা এত ভোট কীভাবে পেলেন? সেটিই আজ জাতির সামনে আমার প্রশ্ন। আমি প্রমাণ করতে পারব যে কারচুপি হয়েছে।”