জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার–এর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক ও টিকটকে তাকে মৃত দাবি করে একাধিক পোস্ট দেখা যায়। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এ তথ্য সঠিক নয়—তিনি বেঁচে আছেন।
বর্তমানে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা। যদিও তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কৌতুক অভিনেতা চিকন আলী। তিনি বলেন, “ওস্তাদ হারুন কিসিঞ্জার আগের থেকে অনেক সুস্থ। কোনো ভুয়া খবর বা গুজবে কান দেবেন না। তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে।”
পরিবারসূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন হারুন কিসিঞ্জার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। আশা করা হচ্ছে, দুই-এক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।
নব্বইয়ের দশকে ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন অনিয়মিত থাকলেও তার হাস্যরসাত্মক সংলাপ ও প্রাণবন্ত অভিনয় এখনো দর্শকদের মনে উজ্জ্বল।