সকাল সাড়ে ৬টা। শহরের মানুষ যখন দিনের প্রস্তুতি নিতে ব্যস্ত, ঠিক তখনই জয়পুরহাট জেলা শহরের পূর্ব বাজার এলাকায় শুরু হয় এক ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান। ঝাড়ু হাতে রাস্তায় নেমে ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এমপি নিজ হাতে সড়ক পরিষ্কার কার্যক্রম শুরু করেন।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এমপি ফজলুর রহমান সাঈদ বলেন, সারাদেশব্যাপী দলীয় উদ্যোগে এই কর্মসূচি চলছে। তিনি বলেন, “আমরা শুধু রাস্তার পরিচ্ছন্নতা নয়, দেশকে আবর্জনামুক্ত করার লক্ষ্য নিয়েই কাজ করছি। জয়পুরহাটবাসী আমাকে যে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তার প্রতিদান দিতে চাই উন্নয়ন ও জনসেবার মাধ্যমে।”
তিনি আরও বলেন, আগামীর জয়পুরহাটকে একটি উন্নত ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে স্বাস্থ্য, শিক্ষা ও রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন খাতে কাজ করার চেষ্টা করবেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
এমপির এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজিজুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, একজন সংসদ সদস্যের এভাবে রাস্তায় নেমে কাজ করা সত্যিই প্রশংসনীয়। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।
পথচারী আরিফুল ইসলাম বলেন, এ উদ্যোগ তরুণ প্রজন্মের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। ভবিষ্যতেও তিনি এ ধরনের জনকল্যাণমূলক কাজে সক্রিয় থাকবেন বলে প্রত্যাশা করেন স্থানীয়রা।