বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত আমির খান পর্দায় যতটা কঠোর অভিনয়ের জন্য পরিচিত, বাস্তব জীবনে ততটাই আবেগপ্রবণ—এ কথা আবারও প্রমাণ করলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, রোম্যান্টিক সিনেমা দেখার সময় তিনি প্রায়ই আবেগ ধরে রাখতে পারেন না।
রেডিও মির্চিকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান বলেন, সম্পর্ক ও প্রেমভিত্তিক গল্পের সিনেমা তাকে গভীরভাবে নাড়া দেয়। বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলোতে তিনি সহজেই কেঁদে ফেলেন।
তিনি স্মরণ করেন কুছ কুছ হোতা হ্যায় দেখার একটি অভিজ্ঞতা। করণ জোহর পরিচালিত এই ছবিটি তিনি তার তৎকালীন স্ত্রী রিনা দত্তের সঙ্গে মুম্বাইয়ের রাজকমল থিয়েটারে বসে দেখেছিলেন। সিনেমার বিভিন্ন আবেগঘন দৃশ্যে তিনি এতটাই কেঁদেছিলেন যে বারবার রিনা দত্তের ওড়না দিয়ে চোখ মোছেন।
মজার ছলে আমির খান বলেন, ওড়নাটিতে জরির কাজ ছিল, কিন্তু বারবার চোখের পানি মোছার কারণে সেটি নষ্ট হয়ে গিয়েছিল।
এই অভিজ্ঞতা প্রমাণ করে, একজন দর্শক হিসেবেও গল্পের সঙ্গে তিনি কতটা গভীরভাবে যুক্ত হন।
উল্লেখ্য, আমির খানকে সর্বশেষ দেখা গেছে সিতারে জমিন পার সিনেমায়, যেখানে তিনি একজন বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয় করেছেন।