আন্তর্জাতিক ডেস্ক: ইরান সাম্প্রতিক সংঘাতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে একটি চীনা গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করেছে বলে দাবি করেছে Financial Times। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি Reuters।
প্রতিবেদনে বলা হয়, চীন থেকে উৎক্ষেপণের পর ইরানের Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) ২০২৪ সালের শেষদিকে চীনা কোম্পানি Earth Eye Co-এর তৈরি টিইই-০১বি স্যাটেলাইটটি সংগ্রহ করে। ফাঁস হওয়া সামরিক নথির বরাত দিয়ে এ তথ্য তুলে ধরা হয়েছে।
উপগ্রহটির মাধ্যমে বিভিন্ন সময়ের স্থানাঙ্ক, কক্ষপথ বিশ্লেষণ এবং স্যাটেলাইট ছবি ব্যবহার করে ইরানি সামরিক কর্মকর্তারা বড় বড় মার্কিন সামরিক স্থাপনায় নজরদারি চালান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে মার্চ মাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে এসব ছবি সংগ্রহ করা হয়।
তবে এ বিষয়ে মন্তব্য জানতে White House, CIA, Pentagon, চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে আরও বলা হয়, একটি চুক্তির আওতায় আইআরজিসি Emposat-পরিচালিত বাণিজ্যিক গ্রাউন্ড স্টেশন ব্যবহারের সুযোগ পায়। বেইজিংভিত্তিক এই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক এশিয়া ও লাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত।
উল্লেখিত স্যাটেলাইটটি সৌদি আরব-এর প্রিন্স সুলতান বিমান ঘাঁটির ১৩, ১৪ ও ১৫ মার্চের ছবি ধারণ করে। এর মধ্যে ১৪ মার্চ ওই ঘাঁটিতে হামলার খবর নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এছাড়া স্যাটেলাইটটি জর্ডান-এর মুয়াফফাক সালতি বিমানঘাঁটি, মানামা-য় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটির আশপাশ এবং ইরাক-এর এরবিল বিমানবন্দর এলাকাতেও নজরদারি চালিয়েছে বলে দাবি করা হয়েছে। এসব স্থানে একই সময়ে আইআরজিসি হামলার দাবি করেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।