ভূমি সেবা নিয়ে মানুষের মনে থাকা সন্দেহ ও অবিশ্বাস দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মিজানুর রহমান মিনু। আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার (১৬১২২)–এর কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী বলেন, কল সেন্টারের ব্যাপক প্রচার প্রয়োজন, যাতে প্রান্তিক মানুষ ভূমি সেবা থেকে বঞ্চিত না হয়। সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টারের সেবার পরিধি বাড়িয়ে প্রতিদিন অন্তত দুই হাজার মানুষকে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণের নির্দেশ দেন তিনি; বর্তমানে যেখানে প্রতিদিন মাত্র ২০০-৩০০ জন সেবা পাচ্ছেন। ঘুষ-দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী এবং আগামী ছয় মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয়ের ‘জিরো টলারেন্স’ নীতি থাকবে। ভূমি সংক্রান্ত অভিযোগ ও আপত্তি নিষ্পত্তির সময় কমাতে অংশীজনদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) পদ্ধতির মাধ্যমে ভূমি মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে এবং আপত্তি ও আপিল নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে।
পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবাকে আরও আধুনিক ও কার্যকর করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।