ঢাকার চাপ কমাতে দেশজুড়ে গড়ে তোলা হবে মৌলিক সুবিধা: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন অঞ্চলে সমানভাবে মৌলিক সুবিধা গড়ে তুলে রাজধানী ঢাকার ওপর চাপ কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান । তিনি বলেছেন, কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ বেসিক সুবিধাগুলো ধীরে ধীরে দেশের সব অংশে বিস্তৃত করা হবে।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম রাজধানী ঢাকার জনঘনত্ব নিয়ন্ত্রণ ও বিকেন্দ্রীকরণের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দেশের অধিকাংশ সুযোগ-সুবিধা ঢাকাকেন্দ্রিক হওয়ায় মানুষ কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসার জন্য ঢাকামুখী হয়ে পড়েছে।

তিনি স্বীকার করেন, সারা দেশে সমানভাবে এসব সুবিধা গড়ে তোলা এখনো সম্ভব হয়নি। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ধাপে ধাপে দেশের সব অঞ্চলে এসব সুযোগ সম্প্রসারণ করা হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, সরকার দেশের বিভিন্ন স্থানে শিল্পায়ন বাড়াতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। পাশাপাশি উন্নত চিকিৎসা সেবা ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান দেশের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে মানুষ ঢাকায় আসার প্রবণতা কমবে এবং ধীরে ধীরে রাজধানীর ওপর চাপ হ্রাস পাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *