জাতীয় সংসদে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি উপস্থাপনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বুধবার (২৯ এপ্রিল) সংসদের পয়েন্ট অব অর্ডারে তিনি বলেন, নির্বাচনের আগে স্বাক্ষরিত এই চুক্তির কিছু ধারা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হতে পারে বলে তখন বিভিন্ন মহল থেকে আপত্তি উঠেছিল।
রুমিন ফারহানা জানান, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি, কৃষি ও জ্বালানি পণ্য আমদানি, বিনিয়োগ আকর্ষণে নীতি সংস্কারসহ বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বেশি রপ্তানি করলেও তুলনামূলকভাবে কম আমদানি করে, ফলে বড় ধরনের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে—যা পূরণের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে।
চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের ঠিক আগে, ৯ ফেব্রুয়ারি এ চুক্তি সই করা হয়, যা নিয়ে সুশীল সমাজ ও বিভিন্ন থিংক ট্যাংক আপত্তি জানিয়েছিল। তার মতে, একটি অনির্বাচিত সরকারের এ ধরনের চুক্তি করা উচিত ছিল না।
তিনি আরও বলেন, সরকার চাইলে ৬০ দিনের মধ্যে এই চুক্তি বাতিল করতে পারে। তাই বিষয়টি সংসদে তুলে আলোচনা হওয়া প্রয়োজন।
তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার বক্তব্যকে পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ করেননি। তিনি বলেন, এটি সংসদের চলমান কার্যসূচির সঙ্গে সম্পর্কিত নয়। পরবর্তীতে বিষয়টি নোটিশ আকারে দেওয়ার পরামর্শ দেন স্পিকার।