দৈনিক প্রথম আলো ও The Daily Star–এর কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ নির্দেশনার কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা প্রথম আলো নিয়েছে, তা একটি জীবন্ত জাদুঘরের মতো। সাম্প্রদায়িক ও উগ্রবাদী শক্তি দেশের অগ্রযাত্রা থামাতে চাইলে ইতিহাস সাক্ষ্য দেয়— তারা কখনও সফল হয়নি।
তিনি বলেন, ঘটনার পর থেকেই সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি ছিল। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, তদন্তের দায়িত্ব সরকারের, আর বিচারের দায়িত্ব বিচার বিভাগের। আগামী দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, এই ঘটনার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং বিশ্বে ভুল বার্তা গেছে যে বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলা করা যায়। দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে সেই ধারণা বদলাতে চায় সরকার।
এ সময় ঢাকা মহানগর পুলিশ–এর ভারপ্রাপ্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার উপস্থিত ছিলেন।