অবৈধ সিসা লাউঞ্জে অভিযান জোরদার, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

অবৈধ সিসা লাউঞ্জ পরিচালনা এবং এসব স্থানে মদ ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেছেন, অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সমন্বিতভাবে অভিযান চালানো হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি এসব তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশন কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে সরকার।

মন্ত্রী বলেন, আগামী ৩০ এপ্রিলের পর সমন্বিতভাবে সারাদেশে অভিযান পরিচালনা করা হবে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা একযোগে অংশ নেবে।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল রাজধানীর বনানী এলাকায় অবস্থিত দ্য এস লাউঞ্জ-এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। সিসাবারে মাদকদ্রব্য ব্যবহার ও অন্যান্য অবৈধ কার্যক্রমের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *