বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার।
সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মুখ্যমন্ত্রী নিজেই।
শুভেন্দু অধিকারী বলেন, “বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে বুঝিয়ে দেওয়া হবে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, এ বিষয়ে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বিএসএফ জমি বুঝে পাবে।
পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান ইস্যু ছিল বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানো। দলটি অভিযোগ করেছিল, দীর্ঘদিন সীমান্ত নিরাপত্তা দুর্বল থাকায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বেড়েছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের আশ্রয় দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, “রাজ্যের জনতাত্ত্বিক কাঠামো বদলে গেছে।”
বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে ২ হাজার ২১৬ কিলোমিটারের বেশি সীমান্ত।
গত মাসের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে বিজেপি। ২৯৪ আসনের বিধানসভায় দলটি ২০৭টি আসনে জয় পায়।
এরপর গত ৯ মে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করে বিজেপি। পরে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
সূত্র: এনডিটিভি, পিটিআই।