বলিভিয়ার রাজধানী লা পাজ-এর কাছে সামরিক কার্গো বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার দেশটির একটি ব্যাংকের নোট বহনকারী সামরিক বিমান অবতরণের সময় বিধ্বস্ত হলে এ প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর বিমান থেকে ছড়িয়ে পড়া ব্যাংক নোট সংগ্রহ করতে কিছু লোকজন ঘটনাস্থলে ভিড় করলে পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বার্তা সংস্থা Agence France-Presse (এএফপি) জানায়, স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সি-১৩০ মডেলের হারকিউলিস পরিবহন বিমানটি এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পাশের একটি সড়কে গিয়ে আছড়ে পড়ে।
বিমানটি সড়কে পড়ে অন্তত একটি ব্যক্তিগত গাড়ি ও কয়েকটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
বলিভিয়ার জাতীয় দমকল বিভাগের কর্নেল পাভেল টোভার সাংবাদিকদের জানান, “বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আমরা নিহতদের মৃতদেহ উদ্ধার করছি।”
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।