রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ নিজ হাতে লিখে স্মার্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। শনিবার (দুপুরে) পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করা হয়।
বাংলাদেশ সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনায় সারাদেশের ১৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে স্মার্ট ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩৩টি এলাকায় মোট ৪৭টি টিম বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। সরকারি কর্মকর্তারা সরাসরি নাগরিকদের দ্বারপ্রান্তে পৌঁছে প্রয়োজনীয় তথ্য নেবেন, যাতে প্রকৃত উপকারভোগীরা এ সুবিধার আওতায় আসতে পারেন।
উদ্বোধনকালে এমপি হারুন অর রশিদ একটি বাড়িতে গিয়ে তথ্য ফরমে নিজ হাতে লিখে কার্যক্রমের সূচনা করেন। এ সময় তিনি বলেন, “মানুষ বয়স হলে অনেক সময় নিজ পরিবারেই নিজেকে বোঝা মনে করেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক পরিবারের বয়স্ক সদস্যদের কথা বিবেচনা করে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাবিবুর রহমান রাজা, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা আশা করছেন, পরীক্ষামূলক এ কার্যক্রম সফল হলে ভবিষ্যতে সারাদেশে পর্যায়ক্রমে স্মার্ট ফ্যামিলি কার্ড চালু করা হবে।