ঢাকা ও ওয়াশিংটন আশাবাদ ব্যক্ত করেছে, আসন্ন বছরগুলোতে সব খাতে সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। উভয় পক্ষ দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন-এর সৌজন্য সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা, অভিবাসন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে চলমান সহযোগিতা পর্যালোচনা করা হয়।
এছাড়া মার্চের শুরুতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর-এর সম্ভাব্য ঢাকা সফর নিয়েও আলোচনা হয়, যা দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগের ধারাবাহিকতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
রোহিঙ্গা ইস্যুতেও বিস্তারিত মতবিনিময় হয়। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে চলমান মার্কিন মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমার-এ নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে অব্যাহত রাজনৈতিক সহায়তা কামনা করেন।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।