প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া এলাকায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এই মেগা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধারের খনন এবং পুনঃখনন কর্মসূচি শুরু করেছে। সকাল ৯টা ৩০ মিনিটে তিনি ঢাকা বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে কর্মসূচিস্থলে যান। সাহাপাড়ায় নিজেই কোদাল হাতে খাল খননে অংশ নেন প্রধানমন্ত্রী। এসময় স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়, যারা বিশ্বাস করেন, খাল খননের মাধ্যমে পানির সমস্যা উল্লেখযোগ্যভাবে সমাধান হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশের ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে এই কর্মসূচি ৫৪টি জেলায় চালু হবে।
প্রসঙ্গত, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। মূল লক্ষ্য ছিল বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখা এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ ব্যবস্থা নিশ্চিত করা। সেই সময় দেশের প্রায় ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করা হয়েছিল। এছাড়া স্থানীয় জনগণকে সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিও চালু করেছিলেন তিনি।