প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে।
রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সংগঠনের অন্তর্বর্তীকালীন আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন সঞ্চালনা করেন। এতে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাস বলেন, যারা সরকার পতনের জন্য বিভিন্নভাবে উসকানি দিচ্ছেন তাদের ধৈর্য ধরতে হবে এবং দেশের স্থিতিশীলতার কথা ভাবতে হবে। তিনি বলেন, “এক শ্রেণির ছেলেপেলের মুখ দিয়ে কথা বের হচ্ছে—বাসার ইট খুলে নিয়ে আসবে। এগুলো তো রাজমিস্ত্রি বা শ্রমিকের কাজ। ইট খোলার জন্য আমাদের কোনো শ্রমিকের প্রয়োজন নেই—আমাদের নিজেদেরই শ্রমিক রয়েছে। আপনারা ইট খুলতে যাবেন না, এতে হাত-পা ভেঙে যেতে পারে।”
তিনি আরও বলেন, দেশের মধ্যে কোনো সমস্যা বা অরাজকতা তৈরি করা উচিত নয়। দীর্ঘ সময় পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে এবং সেই সরকারকে কাজ করার সুযোগ দেওয়া প্রয়োজন।
বিএনপির এই নেতা বলেন, “১৮ বছর পর দেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। দয়া করে সরকারকে কাজ করতে দেন। এরপর আগামী নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে—এই সরকারকে রাখা যায় কিনা। এখন নয়, নির্বাচনের সময়ই সে সিদ্ধান্ত নেওয়া উচিত।”
সরকারের সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের ব্যর্থতা বা দোষ বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা ঠিক নয়। একই সঙ্গে গত ১৮ মাসের সরকার এবং গত ১৮ বছরের শাসনের দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টারও সমালোচনা করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি। তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়ন ও পুনর্গঠনে একসময় যেমন ভূমিকা রেখেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তেমনি ভবিষ্যতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশবাসীর উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, “যারা এই সরকারকে পতনের জন্য চেষ্টা করছেন, তাদের বলবো—সবার আগে দেশ। দেশটাকে আগে স্থিতিশীল হতে দিন।”