জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্দিষ্ট পরিমাণে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব দেশের জ্বালানি তেলের বাজারেও পড়েছে। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে এখনও অস্থিরতা কাটেনি। মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকেই ঢাকার বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল সংগ্রহ করতে হচ্ছে চালকদের।
রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকার নিয়ে চালকেরা সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের অপেক্ষা করছেন। তবে সরকার নির্ধারিত সীমা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন অনেক চালক।
প্রাইভেটকার চালক বলেন, সীমিত পরিমাণে তেল দেওয়ায় তাদের দৈনন্দিন চাহিদা পূরণ হচ্ছে না। বর্তমানে ব্যক্তিগত কারে প্রায় ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। এতে অনেক চালক এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে তেল খুঁজতে বাধ্য হচ্ছেন।
আরেক মোটরসাইকেল চালক বলেন, “সকাল থেকে লাইনে দাঁড়িয়ে প্রায় এক ঘণ্টা পর তেল পেয়েছি। আজ সোনার বাংলা স্টেশনে মোটরসাইকেলের জন্য ৫০০ টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। এতে দুই দিন চালানো যাবে।”
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, তাদের কাছে যতক্ষণ জ্বালানি তেল থাকে ততক্ষণই বিক্রি করা হচ্ছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম থাকায় চাপ তৈরি হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে সরবরাহ আগের তুলনায় কম এসেছে বলে দাবি করেন স্টেশন কর্তৃপক্ষ। তবে তারা আশা করছেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।