পুতুলের বিয়ে’র থাপ্পড়কাণ্ডে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া

আলোচিত ‘পুতুলের বিয়ে’ নাটকের সেই বহুল আলোচিত থাপ্পড়কাণ্ড ঘিরে দর্শকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। শুটিংয়ের সময় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ ওঠার পর থেকেই বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল।

অবশেষে নাটকটি প্রকাশের পর দর্শকদের একটি বড় অংশ সেই দৃশ্যটি দেখতেই ভিডিওতে ভিড় করেছেন। ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর অল্প সময়েই নাটকটি ৮ লাখের বেশি ভিউ ছাড়িয়েছে।

ইউটিউবের মন্তব্য ঘর ঘুরে দেখা যায়, অনেক দর্শকই সরাসরি উল্লেখ করেছেন যে তারা মূলত ‘থাপ্পড়কাণ্ড’ দেখার আগ্রহ থেকেই নাটকটি দেখতে এসেছেন। একজন দর্শক লেখেন, ভাইরাল হওয়া সেই দৃশ্যটি দেখতেই তিনি নাটকটি দেখছেন। আরেকজনের মন্তব্য, তিশার চড় দেওয়ার দৃশ্যটি বেশ বাস্তব লেগেছে।

তবে সমালোচনার পাশাপাশি প্রশংসাও কম নয়। তানজিন তিশার অভিনয় অনেক দর্শকের কাছেই প্রশংসিত হয়েছে। কেউ কেউ মনে করছেন, মানসিকভাবে অসুস্থ তরুণীর চরিত্রে তার অভিনয় ছিল বিশ্বাসযোগ্য ও শক্তিশালী।

অভিযোগের বিষয়ে তানজিন তিশা ও নাটকের নির্মাতা রাফাত মজুমদার রিংকু আগেই জানিয়েছেন, ঘটনাটি ব্যক্তিগত নয়; চরিত্রের প্রয়োজনে দৃশ্যটি করা হয়েছে।

আহমেদ তাওকীরের গল্প ও চিত্রনাট্যে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এতে তানজিন তিশা ও সামিয়া অথৈ ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মীর রাব্বি, মোমেনা চৌধুরীসহ আরও অনেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *