বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর নিজেকে ‘মুক্ত পাখি’ উল্লেখ করে মানুষের সেবায় কাজ করার ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জী। পাশাপাশি জাতীয় রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
মঙ্গলবার কলকাতার কালীঘাটে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মমতা। এ সময় উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
পরবর্তী পরিকল্পনা সম্পর্কে মমতা বলেন, “আমি এখন মুক্ত পাখি, মানুষের সেবায় কাজ করব। পরবর্তী পদক্ষেপ দলগতভাবে ঠিক করা হবে।”
নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, প্রায় ১০০টি আসন জোর করে দখল করা হয়েছে এবং নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করেছে। ভোটের আগে দলের কর্মীদের গ্রেফতার ও প্রশাসনিক কর্মকর্তাদের বদলির অভিযোগও করেন তিনি।
মমতা বলেন, “আমরা হারিনি। এমন নজিরবিহীন নির্বাচন আগে দেখিনি।”
জাতীয় রাজনীতির প্রসঙ্গে তিনি জানান, বিরোধী জোট ‘ইন্ডিয়া অ্যালায়েন্স’-এর শক্তি বাড়াতে কাজ করবেন। বিভিন্ন বিরোধী নেতার সঙ্গে যোগাযোগ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে তৃণমূল কংগ্রেসের। নির্বাচনে বিজেপি পেয়েছে ২০৬টি আসন, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮১টি আসন।