ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশ করা হয়। নতুন সরকারের সংসদ সদস্যরা মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছেন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে জাতীয় সংসদ সদস্যরা (এমপি) শুধু আইন প্রণয়ন ও জনগণের প্রতিনিধিত্বই করেন না, রাষ্ট্র তাদের জন্য নির্ধারণ করেছে সম্মানী-ভাতা, সুযোগ-সুবিধা ও প্রাতিষ্ঠানিক সহায়তার একটি বিস্তৃত কাঠামো।
এসব সুবিধা নির্ধারিত হয়েছে ‘সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ, ১৯৭৩’ অনুযায়ী, যা সময় সময় সংশোধনের মাধ্যমে হালনাগাদ করা হয়েছে। আইনি কাঠামো অনুযায়ী এমপিদের প্রধান সুবিধাগুলো হলো—
মাসিক সম্মানী
সংসদ সদস্যরা মাসিক ৫৫ হাজার টাকা হারে সম্মানী পান। এটি তাদের মূল পারিশ্রমিক।
নির্বাচনী এলাকা ভাতা
নির্বাচনী এলাকায় কাজ পরিচালনা ও জনসংযোগের জন্য মাসিক ১২ হাজার ৫০০ টাকা।
আপ্যায়ন ভাতা
অতিথি আপ্যায়ন ও সামাজিক যোগাযোগের জন্য মাসিক পাঁচ হাজার টাকা।
শুল্কমুক্ত গাড়ি সুবিধা
দায়িত্বকালীন একটি গাড়ি/জিপ/মাইক্রোবাস শুল্ক, ভ্যাট ও আমদানি ফি ছাড়া আমদানির সুযোগ। পাঁচ বছর পর একই শর্তে আরেকটি নতুন গাড়ি আমদানির সুযোগ রয়েছে।
পরিবহন ভাতা
যাতায়াত, জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও চালকের বেতন মিলিয়ে মাসিক ৭০ হাজার টাকা।
অফিস ব্যয় ভাতা
নির্বাচনী এলাকায় অফিস পরিচালনায় মাসিক ১৫ হাজার টাকা।
লন্ড্রি ও আনুষঙ্গিক ভাতা
লন্ড্রি বাবদ মাসিক ১ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ব্যয়ে ছয় হাজার টাকা।
ভ্রমণ ভাতা (সেশন ও কমিটি)
সংসদ অধিবেশন বা কমিটির বৈঠকে অংশ নিতে বিমান/রেল/জাহাজে সর্বোচ্চ শ্রেণির ভাড়ার দেড় গুণ পর্যন্ত ভাতা এবং সড়কপথে কিলোমিটারপ্রতি ১০ টাকা।
দৈনিক ভাতা
দায়িত্ব পালনের সময় দৈনিক ৭৫০ থেকে ৮০০ টাকা এবং যাতায়াত ভাতা ৭৫ থেকে ২০০ টাকা (উপস্থিতি রেকর্ডভিত্তিক)।
দেশে অভ্যন্তরীণ ভ্রমণ
প্রতি বছর ১ লাখ ২০ হাজার টাকা ভ্রমণ ভাতা অথবা সমপরিমাণের নন-ট্রান্সফারেবল ট্রাভেল পাস।
চিকিৎসা সুবিধা
প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা এবং মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা।
টেলিফোন সুবিধা
বাসভবনে সরকারি খরচে টেলিফোন সংযোগ এবং কল ও ভাড়া বাবদ মাসিক ৭ হাজার ৮০০ টাকা।
বিমা সুবিধা
দায়িত্বকালীন দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে ১০ লাখ টাকার বিমা সুবিধা।
ঐচ্ছিক অনুদান
জনকল্যাণমূলক কাজে ব্যয়ের জন্য বছরে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা।
কর সুবিধা
উল্লিখিত ভাতাগুলো আয়করমুক্ত।
আইন অনুযায়ী এসব সুবিধা সংসদ সদস্যদের দায়িত্ব পালনে সহায়তা, নির্বাচনী এলাকায় উপস্থিতি নিশ্চিত করা এবং প্রশাসনিক কাজ সহজ করার উদ্দেশ্যে নির্ধারিত। তবে ভাতা ও সুবিধার পরিধি এবং জবাবদিহি নিয়ে জনপরিসরে আলোচনা অব্যাহত রয়েছে।