পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সবচেয়ে আলোচিত কেন্দ্র ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মধ্যে।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা গেছে, টানটান উত্তেজনার এই লড়াইয়ে প্রায় ৮ হাজার ভোটে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গণনার বিভিন্ন ধাপে পাল্টাপাল্টি এগিয়ে যাওয়ার কারণে ফলাফলের চিত্র বারবার বদলে যাচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম রাউন্ড শেষে মমতা প্রায় ১,৯৯৬ ভোটে এগিয়ে ছিলেন। দ্বিতীয় রাউন্ডে চিত্র বদলে গিয়ে ১,৫৫৮ ভোটে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। তবে তৃতীয় রাউন্ড থেকে আবারও এগিয়ে যান তৃণমূল সভানেত্রী।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনা চলছে। ফলে এখনকার ফলাফলকে প্রাথমিক হিসেবেই দেখা হচ্ছে।
ভবানীপুর কেন্দ্রটি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১১ সালের উপনির্বাচনে জয়ী হয়ে এই কেন্দ্র থেকেই প্রথমবার মুখ্যমন্ত্রী হন তিনি। এরপর ২০১৬ ও ২০২১ সালেও এখান থেকে জয় পান।
অন্যদিকে ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে পরাজিত করা শুভেন্দু অধিকারীর জন্যও এই আসনটি মর্যাদার লড়াই হয়ে উঠেছে। ফলে দুই শীর্ষ নেতার সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় ভবানীপুর কেন্দ্র এবারের নির্বাচনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।