জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা। একই সঙ্গে শপথ নিয়েছেন ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরাও।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
প্রথমে তারা জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
এর আগে সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের সদস্যরা কোনো শপথ নেবেন না।
তিনি জানান, দুপুর ১২টায় জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত ছিল। বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, তাহলে জামায়াতের সদস্যরা কোনো শপথেই অংশ নেবেন না। তাদের মতে, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।