দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
সংগঠনটি জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সরকারের সাশ্রয় উদ্যোগকে সহায়তা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাসহ দেশের সব দোকান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে।
তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট দোকানগুলো এই নির্দেশনার বাইরে থাকবে।