কক্সবাজারে হারিয়ে যাওয়া ৮ শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ট্যুরিস্ট পুলিশের

উজ্জ্বল ভূঁইয়া : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরতে এসে হারিয়ে যাওয়া ৮ শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। গত ২৫ মার্চ থেকে ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে।

ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়ের মধ্যে সুগন্ধা সৈকত এলাকা থেকে কয়েকটি শিশু হারিয়ে যায়। হারিয়ে যাওয়া শিশুদের মধ্যে রয়েছে কুমিল্লার নাসের বিন রাইয়ান (৫) ও আব্দুল্লাহ ইউসুফ (৭), চট্টগ্রামের সাতকানিয়ার মো. আবির (৮), নাফিজা (৫) এবং ঢাকার রামপুরার মো. আমান (৪)। এছাড়া ২৫ মার্চ ঢাকার কেরানীগঞ্জের আনাম (৪) ও কক্সবাজার সদরের আব্দুর রহমান (৪) এবং ৩০ মার্চ টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে আসা মোছা. ইয়াছমিন আক্তার (১৬) নিখোঁজ হয়।

শিশুরা হারিয়ে যাওয়ার পর তাদের অভিভাবকরা তাৎক্ষণিকভাবে সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেন। বিষয়টি গুরুত্ব দিয়ে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা দ্রুত সৈকতের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালান এবং মাইকিংয়ের ব্যবস্থা করেন। পরে নিরলস প্রচেষ্টায় একে একে সব শিশুকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ বক্সে নিয়ে আসা হয়।

পরবর্তীতে অভিভাবকত্বের যথাযথ প্রমাণ যাচাই শেষে উদ্ধারকৃত শিশুদের স্ব স্ব পিতামাতার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪৯৫, তারিখ: ২৬ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে।

সন্তানদের ফিরে পেয়ে অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ট্যুরিস্ট পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। বিশেষ করে শিশু ও নারী পর্যটকদের নিরাপত্তায় বাড়তি নজরদারি রাখা হচ্ছে।

পাশাপাশি, সমুদ্র সৈকতে অবস্থানকালে শিশুদের প্রতি আরও সতর্ক থাকার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *