তানভীর আহাম্মেদ: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে বীরগঞ্জ থানার পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. নুরুজ্জামানের আম বাগানের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদক সেবন করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করে বীরগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে হেফাজতে নেয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. আল আমিন (২৭) ধনু চেংটি, মো. শাওন ইসলাম (২৪) পূর্ব দেবারুপাড়া, মো. সোহেল রানা (২৬) দওপাল (দেবীগঞ্জ, পঞ্চগড়) এবং মো. জাহিদুল ইসলাম (৩৫) হীরামনি গ্রামের বাসিন্দা।
পরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাদের প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সাজা কার্যকর করার পর দণ্ডপ্রাপ্তদের বীরগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।