অশ্লীল গান বিতর্কে সঞ্জয়-নোরাকে সময় বেঁধে দিল নারী কমিশন

দক্ষিণ ভারতীয় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’র আইটেম গান ‘সরকে চুনর তেরি সরকে’ ঘিরে অশ্লীলতার অভিযোগে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। এ ঘটনায় অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহিকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ভারতের জাতীয় নারী কমিশন।

গানটিতে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ অঙ্গভঙ্গির অভিযোগ ওঠার পর এটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। পরে গত ১৯ মার্চ জাতীয় নারী কমিশন সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে।

সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত শুনানিতে কমিশন জানায়, সৃজনশীলতার নামে নারীর সম্মান ক্ষুণ্ণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি উপস্থিত ছিলেন না। নোরার পক্ষে তার আইনজীবী উপস্থিত থাকলেও তা গ্রহণযোগ্য মনে করেনি কমিশন।

কমিশন নোরা ফাতেহিকে ২৭ এপ্রিলের মধ্যে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি সঞ্জয় দত্তকে ৮ এপ্রিল কমিশনের সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

শুনানিতে জাতীয় নারী কমিশনের চেয়ারম্যান বলেন, নারীর মর্যাদার সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।

এদিকে নির্মাতারা তাদের ভুল স্বীকার করে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। তারা জানিয়েছেন, গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। একই সঙ্গে আগামী তিন মাস নারীর ক্ষমতায়নমূলক বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে তার প্রতিবেদন কমিশনে জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমাটি আগামী ৩০ এপ্রিল মুক্তির অপেক্ষায় রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *