প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ সমন জারি করেন। এর আগে সকালে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন রমনা থানার বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি রেকর্ডের পর আসামিকে হাজির হওয়ার জন্য সমন দেন।
বাদীর আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, মামলার আবেদন আদালতে জমা দেওয়ার পর শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি কেন্দ্র থেকে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইন সংবাদমাধ্যমে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রকাশ করে আসছেন। সর্বশেষ ৫ মার্চ ফেসবুকে তার মানহানিকর বক্তব্য অনলাইন নিউজে ছাপা হয়েছে।
আবেদনটিতে বলা হয়েছে, আসামি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে বাদী ও মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে ক্ষতি করতে এসব মিথ্যা ও বানোয়াট বক্তব্য ছড়াচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এসব বক্তব্যের কারণে বাদী ও মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং দেশের কোটি কোটি মানুষ তা দেখছেন।
আবেদনে অভিযোগ করা হয়েছে, আসামির কর্মকাণ্ড সভ্যতার রীতিনীতি ও শিষ্টাচার বহির্ভূত এবং নিন্দনীয়।