সরকার ২০২৬ সালের একুশে পদকের জন্য দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
চলচ্চিত্রে অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, নৃত্যে অর্থি আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যশকে মনোনীত করা হয়েছে।
এছাড়া প্রতিষ্ঠান হিসেবে দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীত দল ‘ওয়ারফেজ’ একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন পেয়েছে।
একুশে পদক বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর প্রদান করা হয়।