বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের (NIOHC) ২৫তম আন্তর্জাতিক সম্মেলন আজ রাজধানীতে শুরু হয়েছে। ১১ থেকে ১৩ মে পর্যন্ত তিন দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সম্মেলনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর প্রতিনিধিসহ নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধি, কূটনীতিক, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান কমিশনের চেয়ারম্যান হিসেবে আয়োজনে নেতৃত্ব দেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, নিরাপদ নৌ-চলাচল, সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে হাইড্রোগ্রাফিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বাংলাদেশকে আঞ্চলিক হাইড্রোগ্রাফিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশ সংরক্ষণ, সামুদ্রিক গবেষণা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্ভুল সমুদ্র তথ্য ও মানসম্মত হাইড্রোগ্রাফিক কার্যক্রম অপরিহার্য। এ ধরনের সম্মেলনের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, কারিগরি দক্ষতা ও তথ্য বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা হাইড্রোগ্রাফিক তথ্য বিনিময়, প্রযুক্তিগত উন্নয়ন, প্রশিক্ষণ, সামুদ্রিক নিরাপত্তা ও সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর অধীনে গঠিত ১৫টি আঞ্চলিক কমিশনের মধ্যে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন অন্যতম। বাংলাদেশ ২০২৪-২০২৭ মেয়াদের জন্য এ কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে।