এসএসসি পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার, পরীক্ষা শুরু মঙ্গলবার

মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে অংশ নিচ্ছে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন। এ বোর্ডে পরীক্ষা কেন্দ্র ৭৪২টি।

কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন। এ বোর্ডে কেন্দ্র রয়েছে ৬৫৩টি।

এবার মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষাভীতি দূর করতে সরকার কাজ করছে। তিনি অভিভাবকদের অযথা উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রগুলোতে শান্ত ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপদ পানি, বিদ্যুৎ, ফ্যান ও স্বাস্থ্যকর টয়লেটের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

তিনি আরও বলেন, পরীক্ষার সময় যানজট নিয়ন্ত্রণ, ছাত্রীদের নিরাপদ চলাচল এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।

মাহদী আমিন জানান, পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে অপ্রয়োজনীয় কঠোরতা নয়, বরং ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করা হবে। শিক্ষার্থীরা যেন স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেটিই সরকারের লক্ষ্য।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *