বিশ্বকাপ মিসের কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভারতে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার মিরপুরে একটি সাইকেল বিতরণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ কেন বিশ্বকাপে অংশ নিতে পারেনি এবং এর পেছনে কোনো কূটনৈতিক ব্যর্থতা ছিল কি না—তা আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হবে।

উল্লেখ্য, ভারতে আয়োজিত এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-এ নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অংশ নেয়নি বাংলাদেশ। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন জানালেও তা নাকচ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

পরবর্তীতে নিজেদের অবস্থানে অনড় থাকে বিসিবি। ফলে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দিয়ে স্কটল্যান্ডকে অংশগ্রহণের সুযোগ দেয়।

নিরাপত্তা ইস্যুতে বিসিবির এই সিদ্ধান্ত একদিকে প্রশংসা পেলেও, অন্যদিকে বিশ্বকাপের মতো বড় আসর থেকে ছিটকে পড়া নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে পুরো বিষয়টি তদন্তের আওতায় আনার ঘোষণা দিল সরকার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *