অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১০ জুন দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (৬ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এ তারিখ নির্ধারণ করা হয়।
শুনানিতে আসামিদের সর্বোচ্চ সাজা চেয়ে আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন। শুনানিকালে নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানা তাম্মির সঙ্গে রাকিব হাসানের বিয়ে হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। তামিমা পেশায় কেবিন ক্রু। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসির হোসাইনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে।
বাদীর দাবি, বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন, যা আইনগতভাবে অবৈধ। এতে তাকে প্রলুব্ধ করা হয়েছে এবং এই ঘটনার ফলে বাদী ও তার সন্তানের মানসিক ক্ষতি ও মানহানি হয়েছে।
২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির হোসাইন ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। একই মামলায় নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।
পরবর্তীতে উভয় পক্ষের রিভিশন আবেদন নামঞ্জুর করে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলার বিচার চলার নির্দেশ দেন এবং সুমি আক্তারের অব্যাহতি বহাল রাখেন।
গত ১৬ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এতে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। শুনানি শেষে আদালত আগামী ১০ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।