বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা প্রধানমন্ত্রী তারেক রহমানকে পারস্পরিক সুবিধাজনক সময়ে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইসঙ্গে ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে টোকিও।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আমন্ত্রণ জানান। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিববৃন্দ।
বৈঠকে দুই পক্ষ এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইএসডিপি)-এর আওতায় সহযোগিতা, বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন ও জাপানি ভাষা প্রশিক্ষণসহ যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়, মেট্রোরেল সহযোগিতা এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সমর্থন নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রস্তাব দেন, জাপানি নিয়োগকর্তাদের সঙ্গে দক্ষ বাংলাদেশি কর্মীদের সংযোগ সহজ করতে একটি ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।
রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে জাপানের অব্যাহত সমর্থনকে সম্মান জানিয়ে প্রতিমন্ত্রী জাপানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।