লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর চালানো জঘন্য হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম নাহিদ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।