পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে সহিংসতার ঘটনা ঘটছে। ৪ মে ফল প্রকাশের রাত থেকেই বিভিন্ন এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও হামলার খবর পাওয়া যাচ্ছে।
উত্তর ২৪ পরগনার ন্যাজাটে সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন কর। তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় এক কনস্টেবলও আহত হয়েছেন।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাড়িঘর ভাঙচুর, হামলা ও মারধরের অভিযোগ উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে। হাওড়ার উদয়নারায়ণপুরে এক বিজেপি কর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে, অন্যদিকে বীরভূমের নানুরে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদে এক সিপিএম কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ফল ঘোষণার পর তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে এবং শতাধিক দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
অন্যদিকে শমীক ভট্টাচার্য প্রশাসনের প্রতি সহিংসতা বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে।