আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়া ত্যাগী নেতাদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও নিয়োগে দলীয় বিবেচনা রয়েছে, তবে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জেলা নির্বাচনসংক্রান্ত অধ্যাদেশগুলো আইন হিসেবে পাস হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার কথা বিবেচনায় রেখে সংশ্লিষ্টদের নিরপেক্ষ থাকা প্রয়োজন।