শপথের পরই বাবা-মায়ের কবর জিয়ারতে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। বিএনপির মিডিয়া সেল জানায়, কবর জিয়ারত শেষে পরিবারের অন্যান্য সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।

এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *