মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইসরাইলি-মার্কিন হামলার পর তেহরান-এর কাছে একটি তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর বিপুল পরিমাণ তেল আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে, যা পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ঢুকে গিয়ে রাস্তার পাশে সৃষ্টি করেছে আগুনের মতো প্রবাহ—যাকে স্থানীয়রা ‘আগুনের নদী’ বলে উল্লেখ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘লিভিং ইন তেহরান’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শহরের একটি দীর্ঘ সড়কের পাশে তেলের ওপর আগুন জ্বলছে এবং চারদিকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
খবরে বলা হয়েছে, গত শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে প্রথমবারের মতো ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান-এর তেলের ডিপোগুলোতে হামলা চালায়। এতে অন্তত ৩০টি তেলের ডিপো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং প্রাথমিকভাবে অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে একটি পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টেও হামলা চালানো হয়েছে।
ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে ফার্স নিউজ জানিয়েছে, হামলার শিকার হওয়া ডিপোগুলোর মধ্যে তেহরানের দুটি গুরুত্বপূর্ণ ডিপো—শারান ও শাহর রে রয়েছে। এগুলো রাজধানীর ভিন্ন ভিন্ন এলাকায় অবস্থিত।
এছাড়া তেহরানের কাছাকাছি অবস্থিত কারাজ শহরের একটি তেল শোধনাগারেও হামলা হয়েছে বলে জানা গেছে। হামলার পর থেকে কয়েকটি ডিপোতে আগুন জ্বলতে থাকায় পুরো রাজধানী কালো ধোঁয়ায় ঢেকে গেছে। দিনের বেলাতেও যেন রাতের মতো অন্ধকার নেমে এসেছে।
এদিকে তেলের ডিপোতে হামলার জবাবে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা বলেছেন, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।