আগামী এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। অধিবেশনটি ছিল স্থানীয় সরকারবিষয়ক।
মন্ত্রী বলেন, “আমরা আগেও বলেছি, এখনও বলছি—এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করব।”
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্রও শক্তিশালী হবে। ডিসি সম্মেলনে আমরা এই বার্তাই তুলে ধরেছি।”
উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
জনগণের সম্পৃক্ততার ওপর জোর দিয়ে মন্ত্রী আরও বলেন, “জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। কারণ জনগণই এই দেশের মালিক, তৃণমূলের মানুষই সবকিছু নির্ধারণ করেন।”
ডিসি সম্মেলনের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, জেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের এ ধরনের মতবিনিময় অত্যন্ত ফলপ্রসূ। ভবিষ্যতে এ ধরনের যোগাযোগ আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।