নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. ইস্রাফীল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে তাকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।
অধ্যাপক ড. ইস্রাফীল ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ধরে নাট্যচর্চা, গবেষণা ও শিক্ষকতায় যুক্ত রয়েছেন।
তার নিয়োগের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার দেখা গেছে।