শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ক্যারিয়ারের শুরুতে প্রথম নাটকের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ১০ হাজার টাকা।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, ২০১৮ সালে ‘একটাই আমার তুমি’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। ওই নাটকে তার সহশিল্পী ছিলেন আফরান নিশো।
প্রথম কাজের অভিজ্ঞতা স্মরণ করে কেয়া পায়েল বলেন, শুরুতে পারিশ্রমিক কম হলেও কাজের প্রতি মনোযোগ ও নিষ্ঠার কারণেই আজকের অবস্থানে পৌঁছেছেন। তার বিশ্বাস, ভালো কাজ করলে অর্থ নিজেই এসে ধরা দেয়।
তিনি আরও বলেন, শুধুমাত্র টাকার পেছনে ছুটলে একজন শিল্পীর সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কাজের মান ও সততাকে প্রাধান্য দেওয়াই তার মূল লক্ষ্য।
বর্তমানে ব্যস্ত সময় পার করলেও কাজের পাশাপাশি পরিবার ও ব্যক্তিগত জীবনে সময় দেওয়ার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি ছোট পরিসরে একটি ব্যবসার দিকেও মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।